রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ইয়াদ আলী মোল্যা
সৌদি আরব পাঠানোর প্রলোভনে প্রতারণার অভিযোগে তারিফ এভারসিস লিমিটেডের রিক্রুটিং এজেন্সি ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, পরিচালক এবং মার্কেটিং কর্মকর্তাদের বিরুদ্ধে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে ভুক্তভোগী। মামলা নং ৫৩৭/২০২৫। মামলাটি বর্তমানে সিআইডি তদন্তাধীন।
বাদী আবদুল্লা আল রায় খাঁন রাকিব অভিযোগ উল্লেখ করেন, ১৭ আগস্ট ২০২৪ ও ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি প্রতিষ্ঠানের রিক্রুটিং এজেন্সির কাছ থেকে সৌদি আরবে রুম বয় হিসেবে চাকুরীর প্রতিশ্রুতি নিয়ে মোট ৫ লাখ ৮২ হাজার ৬শ ৫০ টাকা প্রদান করেন। প্রথমে ১ লাখ টাকা এবং পরবর্তীতে ৩ লাখ ২০ হাজার টাকা এবং মেডিকেল খরচ হিসেবে ২২ হাজার ৬৫০ টাকা আদায় করা হয়। তবে সৌদি আরব পৌঁছে তিনি দেখতে পান, কোনো চাকুরীর ব্যবস্থা হয়নি বরং ৭ মাস ধরে তাঁকে একটি রুমে আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।
বাদী জানান, আসামীগণ চুক্তির শর্ত অনুযায়ী কোনো কাজ দেয়নি এবং বিভিন্ন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে। এ সময় তাঁকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। প্রাথমিক তদন্তে সিআইডি জানিয়েছে, আসামীগণ লিখিতভাবে দোষ স্বীকার করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, মামলাটি চট্টগ্রাম পাহাড়তলী থানার মাধ্যমে দায়ের করা হলেও আদালত নিজস্ব প্রক্রিয়ায় তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় সাক্ষী ও প্রমাণাদি আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত এই মামলার সুষ্ঠু তদন্ত ও আসামীদের গ্রেফতারির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
এবিষয়ে তারিফ এভারসিস লিমিটেডের রিক্রুটিং এজেন্সির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সাথে বারবার যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতকল্পে সিআইডি তদন্তে তদারকি অব্যাহত আছে, যাতে বাদী ও প্রতারিত অন্যান্য ব্যক্তি ক্ষতিপূরণ ও আইনি রক্ষা পাবে।