বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
আর,টি হাসানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার নবঘোষিত কমিটিতে আহ্বায়ক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদ (পিনু)। গত ১লা মে ২০২৪ তারিখে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক অনুমোদিত এই কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা আঃ সোবাহান (পারুল) মোল্লা এবং বড় চাচা স্থানীয় বিএনপি নেতা একে আজাদ সালাম ফারুক মোল্লা। মূলত একটি ঐতিহ্যবাহী বিএনপি পরিবারের সন্তান হিসেবেই তিনি শৈশব থেকে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতিতে সক্রিয় হন।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সালাউদ্দিন পিনু একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ও লেখক। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেও তার বিশেষ পরিচিতি রয়েছে। গতানুগতিক ধারার বাইরে ইতিবাচক ও বুদ্ধিবৃত্তিক রাজনীতি চর্চার মাধ্যমে তিনি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ রাজনৈতিক ধারা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন।
শিক্ষাজীবনে সালাউদ্দিন পিনু বর্তমানে ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের একজন নিয়মিত শিক্ষার্থী। এর আগে তিনি মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে সফলতার সাথে এইচএসসি সম্পন্ন করেন। একজন মেধাবী ছাত্র হিসেবে ক্যাম্পাসে তার বিশেষ সুনাম রয়েছে।
কমিটিতে স্থান পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন পিনু বলেন, শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি কাজ করে যাবো। লেখালেখি এবং সামাজিক কাজের মাধ্যমে আমি সবসময় সত্যের পক্ষে থাকার চেষ্টা করেছি। ঢাকা কলেজে ছাত্রদলকে আরও শক্তিশালী করতে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আমি রাজপথে সর্বদা সচেষ্ট থাকব।
তার এই সাফল্যে বল্লভদী ইউনিয়নসহ সালথা উপজেলার রাজনৈতিক ও সামাজিক মহলে উৎসবের আমেজ বিরাজ করছে। এলাকার সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।