সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে বিষপানে ছেলের মৃত্যু, লাশ দেখে বাবারও প্রাণ গেল

মুকসুদপুরে বিষপানে ছেলের মৃত্যু, লাশ দেখে বাবারও প্রাণ গেল

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে বিষপানে লিটন কাজী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ছেলের মরদেহ বাড়িতে আনার পর তা দেখে শোকে অসুস্থ হয়ে তাঁর বাবা মান্নান কাজী (৬০) মারা গেছেন।

মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিস্তির টাকা জোগাড় করতে না পারায় এবং এক কর্মকর্তার কথায় অভিমান করে গত রোববার (১৬ আগস্ট) সকালে বিষপান করেন লিটন কাজী। পরে পরিবারের সদস্যরা তাঁকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে মুকসুদপুর থানা-পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে লিটন কাজীর মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে বাবা মান্নান কাজী ছেলের মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান।

পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজার নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অংশ নেন।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com