শনিবার, ০৬ Jun ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর পোস্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গোহালা ইউনিয়নের আল আমিন বিশ্বাস।
শনিবার (৬ জুন) বিকেলে, গোহালা ইউনিয়নের মনিরকান্দী গ্রামে আল আমিন বিশ্বাসের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল আমিন বিশ্বাস বলেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘লাইলী বেগম বুড়ি’ নামের একটি আইডি থেকে আমাকে জড়িয়ে যে পোস্টটি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা। আমি এই মিথ্যা পোস্টের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত সত্য হলো—শাহীন দর্জিকে পুলিশি হেনস্থা বা গ্রেফতার করার পেছনে আমার কোনো প্রকার ভূমিকা বা সম্পৃক্ততা ছিল না। বরং, একজন সচেতন এবং দায়িত্বশীল মানুষ হিসেবে আমি নিজেই পুলিশকে অনুরোধ ও সুপারিশ করে তাকে ছাড়িয়ে এনেছি।
অথচ অত্যন্ত দুঃখের বিষয়, প্রকৃত সত্যকে আড়াল করে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার নামে এই ধরনের মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। যারা আমাকে চেনেন, তারা ভালো করেই জানেন আমি কোনো অন্যায়ের সাথে যুক্ত নই।
আমি বিনীতভাবে অনুরোধ করব, এই ধরনের সাজানো ও বিভ্রান্তিকর পোস্টে কেউ কান দেবেন না। সত্য সব সময়ই প্রকাশ পায়।