সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
ঘুষ ছাড়া কোন কাজ করেন না গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার। তাঁর বিরুদ্ধে ব্যাপক ঘুষ-বাণিজ্য, শিক্ষক হয়রানি ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষকদের ফাইল আটকে ঘুষ নেন তিনি। তার কাছে জিম্মি হয়ে পড়েছে উপজেলার ১৭১টি স্কুলের প্রায় এক হাজার শিক্ষক। চাকরি ও প্রশাসনিক হয়রানির ভয়ে কোনো শিক্ষক মুখ খুলতে সাহস পাচ্ছেন না। প্রতিবাদ করলেই তাকে শোকজের মুখে পড়তে হয়।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে শিক্ষা কর্মকর্তার এসব নানা অনিয়ম-দুর্নীতির তথ্য।
শিক্ষকদের অভিযোগ- বেতন পুননির্ধারণ (পে-ফিক্সেশন), উচ্চতর গ্রেড অনুমোদন, বেতন-ভাতা নির্ধারণ ও সমতাকরণ, টাইম স্কেল, পিআরএল মঞ্জুর, পেনশন, বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দ, চিকিৎসা অনুদানের আবেদনে স্বাক্ষর, চিকিৎসা ছুটি, বহি: বাংলাদেশ ছুটি, বদলি, জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) থেকে ঋণ নেওয়াসহ সবক্ষেত্রেই তাকে ঘুষ দিতে হয়। এক্ষেত্রে দপ্তরী কাম ৯০০ প্রহরীদের বেতনের বিপরীতে ঋণ গ্রহণের ক্ষেত্রেও ২ হাজার টাকা করে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে ফাইল আটকে দিনের পর দিন ঘুরান তিনি। চাহিদা মাফিক টাকা না দিলে দুর-দুরান্ত থেকে আসা শিক্ষকদেরকে সারাদিন অফিসে বসিয়ে রেখে সন্ধ্যায় একজন করে ডেকে ঘুষ গ্রহণের বিনিময় ফাইল ছাড়া করেন শিক্ষা অফিসার। এতে শিক্ষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তবে শিক্ষা কর্মকর্তার শাস্তির মুখে পড়ার ভয়ে কেউ নাম প্রকাশ করতে চান না। তার এ ঘুষ-বাণিজ্যের সহযোগি হিসেবে কাজ করেন কয়েকজন শিক্ষক নেতা।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৪৮ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এসব শিক্ষকের নবম পে-স্কেল অনুযায়ী ফিক্সেশন ফরম পূরণের জন্য জনপ্রতি ৩০০ টাকা চাঁদা তোলার নির্দেশ দেন সহকারী শিক্ষক সমিতির সভাপতি জিহাদুল ইসলাম জিহাদ। গত ১৩ অক্টোবর নিজ বিদ্যালয়ে আয়োজিত সভায় এ নির্দেশ দেন তিনি। নির্দেশনা অনুযায়ী ৩০০ করে টাকা জমা দেন শিক্ষকরা। এসব টাকা আদায়ের দায়িত্বে ছিলেন শিক্ষক অসিম সাহা, ইব্রাহিম মুন্সী, পলাশ বিশ্বাস, জহুরুল হক, খায়রুল ইসলাম, অমিত, লাবনী খানমসহ বেশ কয়েকজন শিক্ষক। অসিম সাহা ২৩ জন শিক্ষকের কাছ থেকে টাকা গ্রহণের কথা স্বীকার করেছেন। অনলাইনে নিজের ফরম নিজে পূরণ করার নিয়ম থাকলেও শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সমিতির নেতারা যোগসাজশ করে এ টাকা আদায় করেছেন।
একাধিক শিক্ষক জানিয়েছেন, তাঁরা নিজেরাই অনলাইনে পে-স্কেল ফিক্সেশনের কাজ সম্পন্ন করেছেন। এরপরও তাঁদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষকেরা। এ অর্থের একটি অংশ উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তর কুমার সরকারের পকেটে গেছে। আর বাকি অংশের ভাগ নিচ্ছেন শিক্ষক নেতা জিহাদুল ইসলাম ও তার সহযোগিরা।
শুধু পে-স্কেল ফিক্সেশন নয়, বেতন সমতাকরণ ও উচ্চতর গ্রেড অনুমোদনেও শিক্ষকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। ২০২৫-২৬ অর্থবছরে বেতন সমতাকরণের জন্য ৩৬ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৩০০০ থেকে ৭০০০ হাজার করে টাকা নিয়েছেন। এ ছাড়া চলতি অর্থবছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড অনুমোদনের জন্য ২৩ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ১৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে, প্রতিস্থাপন ছাড়াই নিয়মবহিভূর্তভাবে উপজেলার রাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ হোসেনকে নিজামকান্দি, সাতবাড়িয়ার শিক্ষক তন্বী আক্তার ও হীরা খানমকে ছোটখারকান্দি এবং মহানাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পদায়ন করেছেন। এসব পদায়নে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া তিনি তার দাপ্তরিক কক্ষে বসে প্রকাশ্যে ধূমপান করেন বলে একাধিক শিক্ষক এ প্রতিবেদককে জানিয়েছেন। এরআগে হাতিয়াড়া ক্লাস্টারের এক সহকারী শিক্ষকের নারী কেলংকারীর অডিও প্রকাশ্যে আসার পর ওই শিক্ষককে শোকজ করে শাস্তির ভয় দেখিয়ে তার অপরাধ ধামাচাপা দিতে মোটা অংকের টাকা গ্রহণ করেছেন উত্তম কুমার সরকার। ৪১ নং বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারলিনা পারভীনের কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সুবিধা প্রাপ্তির আবেদনে সুপারিশ করতে অফিস পিয়ন আশিকের মাধ্যমে ৩ হাজার ৫শ’ টাকা ঘুষ দাবি করেন শিক্ষা অফিসার। এ নিয়ে ওই শিক্ষকের পক্ষে উপজেলা ছাত্রদলের একটি অংশ উত্তম কুমারকে অফিসে অবরুদ্ধ করেন। বিষয়টি নিয়ে তোলপাড়ের সৃষ্টি হলে শিক্ষা কর্মকর্তার নানা অনিয়মের খবর প্রকাশ্যে আসতে শুরু করে।
উপজেলা শিক্ষা অফিসের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থ বছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা উপকরণ কেনার জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু ৫ মাস পেরিয়ে গেলেও কোনো উপকরণ কেনা হয়নি। টাকা উত্তোলন করে নিয়েছেন শিক্ষা কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ‘শিক্ষা কর্মকতা উত্তম কুমার ঘুষ ছাড়া কোনো কাগজে স্বাক্ষর করেন না। তিনি নিজেকে সাবেক বিএনপি-ছাত্রদল নেতা পরিচয় দেন এবং তার স্ত্রী জয়ন্ত্রী রুপা রায় ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) বলে তার ক্ষমতার দাপট দেখান। রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে তিনি উপজেলার হাজারো শিক্ষককে জিম্মি করে বেপরোয়া ঘুষবাণিজ্য করছেন। শিক্ষকরা মুখ খুললেই তাকে দফায় দফায় শোকজ করা হয়।’
শিক্ষক নেতা জিহাদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ‘টাকা তোলার সিদ্ধান্ত হয়েছিল। পরে সেটা বাদ দেওয়া হয়েছে।’
এসব অনিয়মের বিষয় শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব অভিযোগ সঠিক নয়, মিথ্যা ও ভিত্তিহীন।’